যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভ আকস্মিকভাবে মারা গেছেন।
বুধবার (১১ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৬ বছর। খবর সিএনএনের।
তবে দারিচেভ কী কারণে মারা গেছেন, সে বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো তথ্য প্রকাশ করেনি।
জ্যেষ্ঠ এই কূটনীতিক পশ্চিমা দেশগুলোর নীতির প্রকাশ্য সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। ২০২৫ সালের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। ওয়াশিংটনের সাথে মস্কোর সম্পর্ক পুনরুদ্ধার ও কূটনৈতিক যোগাযোগ জোরদার করার লক্ষ্যেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কে বড় ধরনের অবনতি ঘটে। ওয়াশিংটন ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি মস্কোর ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক দূরত্ব আরও বেড়ে যায়।
তবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফেরার পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।
যুক্তরাষ্ট্রে দায়িত্ব নেওয়ার আগে দারিচেভ ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের দায়িত্ব সামলান।
দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে উত্তর আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্ক নিয়ে কাজ করার অভিজ্ঞতা ছিল তার।


