...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ১২৯ যাত্রীসহ ডুবল ক্রুজ জাহাজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:০৪
Shares
যুক্তরাষ্ট্রে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ১২৯ যাত্রীসহ ডুবল ক্রুজ জাহাজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ১২৯ যাত্রী বহনকারী একটি রিভার ক্রুজ জাহাজ আংশিক ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ৩২ যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কারও আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ‘আটলান্টিক অ্যাসফল্ট’ নামের ট্যাংকারটি ‘আমেরিকান হেরিটেজ’ নামের প্যাডেলবোট ক্রুজ জাহাজটিকে ধাক্কা দেয় বলে জানিয়েছে পোর্ট অব নিউ অরলিন্স। খবর আল-জাজিরার।

দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা আগে যাত্রী নামানোর জন্য ক্রুজ জাহাজটি বন্দরে ভিড়েছিল।

এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনে নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো বলেন, আমেরিকান হেরিটেজে থাকা সব যাত্রীর খোঁজ পাওয়া গেছে। তাদের মধ্যে ৩২ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন, তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

মেয়রের ভাষ্য অনুযায়ী, আটলান্টিক অ্যাসফল্ট ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্রুজ জাহাজে আঘাত করে।

তিনি জানান, দুর্ঘটনার সময় যাত্রীরা জাহাজ থেকে নামছিলেন। ধাক্কার পর ক্রুজ জাহাজটি ডুবতে শুরু করে এবং একপর্যায়ে কাত হয়ে উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান।

অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে জানা গেছে, ঘটনাস্থলের ভিডিওতে বিশাল আকৃতির ট্যাংকারটিকে প্যাডেলচালিত ক্রুজ জাহাজে আঘাত করতে দেখা যায়। এতে ধাতব অংশ ও কাচ ভেঙে পড়ে।

লাইফ জ্যাকেট পরা এক ডজনের বেশি মানুষকে নদী থেকে উদ্ধার করে আশপাশের জাহাজে তোলা হয়। নদীর পানির তাপমাত্রা তখন ছিল প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস। অন্য যাত্রীদের জাহাজ কাত হয়ে যাওয়ার সময় রেলিংয়ের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী জেমি হলফোর্ড স্থানীয় টেলিভিশনকে বলেন, পুরো ঘটনাটি ছিল ‘অবাস্তব’। তার ভাষায়, সংঘর্ষের প্রায় ১৫ মিনিটের মধ্যেই ক্রুজ জাহাজটি উল্টে যায়।

দুর্ঘটনার পর বন্দর পুলিশ, দমকল বাহিনী, কোস্ট গার্ড এবং জরুরি চিকিৎসা দল ঘটনাস্থলে পৌঁছায়। বন্দরের প্রশাসনিক ভবনের ভেতরে একটি ট্রায়াজ এলাকা স্থাপন করা হয়। একই সাথে মিসিসিপি নদীর ওই অংশে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ক্রুজ জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান আমেরিকান ক্রুজ লাইনস জানিয়েছে, সব যাত্রী ও ক্রু সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত সবার নিরাপত্তা নিয়ে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

পাঁচতলা আমেরিকান হেরিটেজ জাহাজটি ২০১৫ সালে নির্মিত। এতে সর্বোচ্চ ১৫০ যাত্রী বহন করা যায়। দুর্ঘটনার সময় এটি লুইজিয়ানা ও মিসিসিপির বিভিন্ন গন্তব্য ঘুরে আট দিনের ক্রুজ শেষ করছিল।

অন্যদিকে ১৬০ মিটার বা ৫২০ ফুট দীর্ঘ আটলান্টিক অ্যাসফল্ট ট্যাংকারটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকা বহন করছিল এবং নিউ অরলিন্সের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে মেরিনট্রাফিক। মেরিন ইনসাইটসের তথ্য অনুযায়ী, জাহাজটি মূলত অ্যাসফল্ট ও বিটুমিন পরিবহনে ব্যবহৃত হয়।

দুর্ঘটনার কারণ কী এবং সংঘর্ষের সময় ট্যাংকারটি কোনো পণ্য বহন করছিল কি না, তা এখনও জানা যায়নি।