যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ১১১টি পেট্রোকেমিক্যাল ও ওষুধ উৎপাদনকারী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটি। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) কাছে দেওয়া এক চিঠিতে ইরানের প্রতিনিধি হাদি ফারাজভান্দ এ তথ্য জানিয়েছেন। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, তিনি বলেন, ইরানের রাসায়নিক শিল্পের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা দেশটির সরবরাহব্যবস্থা এবং রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বাস্তবায়নে নেতিবাচক প্রভাব ফেলেছে।
ইরানের পক্ষ থেকে এর আগেও দেশটির শিল্প ও রাসায়নিক অবকাঠামোয় হামলার বিষয়ে ওপিসিডব্লিউর কাছে উদ্বেগ জানানো হয়েছিল।
তেহরানের আশঙ্কা, এসব স্থাপনায় হামলার ফলে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়তে পারে। এতে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে ইরান।
তবে ক্ষতিগ্রস্ত ১১১টি স্থাপনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য বা বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।


