...|...|...

খেলা

যুক্তরাষ্ট্রের বর্ষসেরা তরুণ ফুটবলার হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:০২
Shares
যুক্তরাষ্ট্রের বর্ষসেরা তরুণ ফুটবলার হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফুটবলে একের পর এক ইতিহাস গড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মাত্র ১৭ বছর বয়সেই মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৬ সালের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই অ্যাটাকিং মিডফিল্ডার। একই সাথে টুর্নামেন্টটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে এই স্বীকৃতি পাওয়ার কীর্তিও গড়েছেন তিনি।

এমএলএস কর্তৃপক্ষের ঘোষণায় ২০২৬ সালের সেরা তরুণ খেলোয়াড় হিসেবে কাভান সুলিভানের নাম উঠে আসে। ১৭ বছর ৫৬ দিন বয়সে এই পুরস্কার জিতে নতুন রেকর্ড গড়েন তিনি। ২০০৪ সালের ১ জানুয়ারি বা এর পর জন্ম নেওয়া খেলোয়াড়দের মধ্য থেকে এই পুরস্কারের জন্য সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। ক্লাবগুলোর কারিগরি কর্মকর্তা, সংবাদমাধ্যমের প্রতিনিধি ও বর্তমান খেলোয়াড়দের ভোটে বিজয়ী নির্ধারিত হয়।

পুরস্কারের ভোটে সুলিভানের আধিপত্য ছিল স্পষ্ট। মোট ভোটের ৬৫ দশমিক ০৬ শতাংশ পেয়েছেন তিনি। তিনটি ভোটিং ক্যাটাগরির প্রতিটিতেই ছিলেন শীর্ষে। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ৮০ শতাংশ এবং পেশাদার খেলোয়াড়দের ৬০ দশমিক ৩৪ শতাংশ ভোট তার পক্ষে পড়ে।

এই স্বীকৃতি অর্জনের পথে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দুই উদীয়মান সতীর্থকে পেছনে ফেলেছেন কাভান। দ্বিতীয় হয়েছেন নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল এবং তৃতীয় হয়েছেন আদ্রি মেহমেতি।

২০২০ সাল থেকে এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হচ্ছে। এর আগে ১৯৯৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার চালু ছিল।

পুরো মৌসুমজুড়েই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ। নিয়মিত খেলোয়াড় হিসেবে নিজের প্রথম এমএলএস মৌসুমে ২৯ ম্যাচে ৯ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ১৪ গোল করিয়েছেন তিনি। সব মিলিয়ে ২৩ গোলে অবদান রেখে গড়েছেন কিশোর খেলোয়াড়দের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ গোল-অবদানের রেকর্ড।

এখানেই শেষ নয়, টানা ১০ ম্যাচে গোল করা কিংবা সতীর্থকে দিয়ে গোল করানোর কৃতিত্বও দেখিয়েছেন কাভান। এমএলএসের ইতিহাসে কিশোর খেলোয়াড়দের মধ্যে এমন ধারাবাহিকতার নজির নেই। গত সেপ্টেম্বরে মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েও রেকর্ড গড়েন তিনি। সবচেয়ে কম বয়সে এই পুরস্কার জয়ের কীর্তি এখন তার দখলে।

ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন কাভান। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পান তিনি। এরপর দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জাতীয় দলের মূল একাদশে অভিষেক হয় তার। মাত্র ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্র জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হওয়ার রেকর্ডও গড়েন এই তরুণ।

কাভান সুলিভানের সাথে বাংলাদেশেরও রয়েছে পারিবারিক যোগসূত্র। বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের দুই ফুটবলার রোনান ও ডেকলান সুলিভানের ভাই তিনি। তাদের নানি সুলতানা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। সেই সূত্রেই যুক্তরাষ্ট্রের ফুটবলে কাভানের এই সাফল্যে বাংলাদেশের মানুষেরও আগ্রহ তৈরি হয়েছে।