উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় আর্থিক অস্বচ্ছলতা এড়াতে প্রদেয় মেইনটেন্যান্স ফান্ডের (জীবনযাত্রার ব্যয় নির্বাহের প্রমাণ) পরিমাণ বাড়াচ্ছে দেশটির সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যগামী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন এই নিয়ম কার্যকর হবে।
স্টাডি নাউয়ের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের হোম অফিস গত ৩ সেপ্টেম্বর প্রকাশিত ‘স্টেটমেন্ট অব চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস (HC 584)’ প্রজ্ঞাপনে নতুন এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে।
নতুন নিয়ম অনুযায়ী, লন্ডনের ভেতরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৯ মাসের কোর্সের জন্য মেইনটেন্যান্স ফান্ড বাড়িয়ে ১৪ হাজার ১৩০ পাউন্ড নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৩ হাজার ৭৬১ পাউন্ড। আর লন্ডনের বাইরের প্রতিষ্ঠানের জন্য এই ফান্ড ১০ হাজার ৫৩৯ পাউন্ড থেকে বাড়িয়ে ১০ হাজার ৮২৭ পাউন্ড করা হয়েছে। তবে কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আবাসন বাবদ আগে থেকে অর্থ জমা দিলে ক্ষেত্রে সর্বোচ্চ ছাড়ের পরিমাণ বাড়িয়ে ১ হাজার ৫৭০ পাউন্ড করা হয়েছে।
ফান্ডের এই পরিবর্ধিত শর্ত ৩০ নভেম্বর ২০২৬ বা এর পর জমা দেওয়া ভিসা আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ২৯ নভেম্বর পর্যন্ত পুরোনো ফান্ড দেখালেই চলবে। যুক্তরাজ্যের স্থানীয় শিক্ষার্থীদের মেইনটেন্যান্স ঋণের ওপর ভিত্তি করে প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই ফান্ডের পরিমাণ হালনাগাদ করা হয়।
তবে কোর্সের সর্বোচ্চ ৯ মাসের অর্থ দেখানো, প্রথম বছরের বকেয়া কোর্স ফি প্রদর্শন এবং ব্যাংকে নির্দিষ্ট সময় ধরে টাকা জমা রাখার শর্তগুলো অপরিবর্তিত থাকছে।

