...|...|...

খুলনা

যশোরে বাসের ধাক্কায় প্রাণ গেল ফুফু-ভাতিজার

যশোর প্রতিনিধি
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:৩৮
Shares
যশোরে বাসের ধাক্কায় প্রাণ গেল ফুফু-ভাতিজার

যশোরে বাসের ধাক্কায় প্রাণ গেল ফুফু-ভাতিজার। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ফুফু-ভাতিজা নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ ইউনিয়নের মজুমদার ব্রান অয়েল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মশরহাটী গ্রামের হাকিম গাজীর ছেলে আমজেদ গাজী (৫৪) ও লক্ষীপুর গ্রামের মৃত মালেক সরদারের স্ত্রী আছিরন বিবি (৬৫)। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে যশোরের দিকে যাচ্ছিল গড়াই পরিবহনের একটি বাস। এ সময় মজুমদার ব্রান অয়েল মিলের সামনে বাসটি একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে যায়। পরে চালক ও তার সহকারী বাসটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ আহত দুজনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজনিন নিগার জানান, হাসপাতালে আনার আগেই একজন পুরুষের মৃত্যু হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত নারীও মারা যান। প্রাথমিকভাবে মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গড়াই পরিবহনের বাস ও মোটরসাইকেল উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া বাসচালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।