...|...|...

সারাদেশ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাইসহ নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, সকাল ১১:১৩ | আপডেট: ৮ নভেম্বর ২০২৬, সকাল ১১:১৪
Shares
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাইসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে ডাম্পট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন সহোদর ভাই। প্রথমে নিহতদের পরিচয় পাওয়া না গেলেও পরে তাদের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে নান্দাইলের কানুরামপুর-ত্রিশাল সড়কের নাউরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই পিকআপের যাত্রী ও পোশাককর্মী বলে জানা গেছে। তাদের বাড়ি নেত্রকোনা জেলায়।

নিহতরা হলেন, নেত্রকোনা সদর উপজেলার বটতলা গ্রামের আব্দুল জলিলের দুই ছেলে ইকবাল হাসান রানা (২৫) ও হারুন অর রশিদ (২০)। অপরজন একই উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বির (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ থেকে ২০ জন পোশাককর্মী দুই দিনের ছুটি শেষে একটি পিকআপে করে নেত্রকোনা থেকে গাজীপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথে নান্দাইলের কানুরামপুর-ত্রিশাল সড়কের নাউরী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১০ জন।

আহতদের মধ্যে চারজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মৃত্যু হয়। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ায়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, নিহতদের মধ্যে দুজনের লাশ নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ডাম্পট্রাকটি পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি শনাক্তের চেষ্টা করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।