বুধবার দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, ফুলপুর, ফুলবাড়িয়া ও ভালুকা উপজেলায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত মধ্যরাতে ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
একই রাতে ফুলপুর উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আবুল বাসার আকন্দের বাড়িতেও হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।
প্রায় একই সময়ে ফুলবাড়িয়া উপজেলার ছয় নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানের কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ছাড়া ভালুকা উপজেলায় জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামালের একটি ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

