...|...|...

রাজধানী

মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে যুবলীগের দুই কর্মী গ্রেফতার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সকাল ৬:২৫
Shares
মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে যুবলীগের দুই কর্মী গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণের প্রস্তুতি নেওয়ার অভিযোগে যুবলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, স্থানীয় এক সাবেক কাউন্সিলরের নির্দেশে তারা নাশকতার পরিকল্পনা করছিলেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১টা ৪৫ মিনিটের দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ৯ নম্বর সড়কের শেষ প্রান্তে নদীর পাড়ের ওয়াকওয়ে-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মেহেদী হাসান সোহেল (৩০) ও মো. রনি ওরফে গ্যাস রনি (২৮)। পুলিশ জানিয়েছে, তারা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ ও আমিরুজ্জামানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেখানো স্থান থেকে প্লাস্টিকের বস্তায় ঢাকা অবস্থায় লাল কসটেপে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীবের নির্দেশনায় তার সহযোগী সুমন ও শাহিনের নেতৃত্বে ওই এলাকায় ককটেল বিস্ফোরণের পরিকল্পনা করা হচ্ছিল। এতে গ্রেফতার দুজন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

ওসি আব্দুল হালিম আরও জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল ও রনি অতীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি।

ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।