বিদায়ী ম্যাচে লিওনেল মেসির খেলা নিশ্চিত করেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা কার্লোস তেভেজ। তবে নিজের শেষ ম্যাচে মেসির পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনালদোকেও সতীর্থ হিসেবে পাওয়ার স্বপ্ন দেখছেন বোকা জুনিয়র্সের সাবেক এই স্ট্রাইকার।
আগামী ২০ ডিসেম্বর বুয়েনস এইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তেভেজের বিদায়ী ম্যাচ। সম্প্রতি আর্জেন্টাইন ক্রীড়া সম্প্রচারমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে নিজের বিদায় আয়োজন এবং ক্যারিয়ারের সেরা সতীর্থদের নিয়ে কথা বলেছেন তিনি।
সাক্ষাৎকারে নিজের পছন্দের সেরা একাদশও সাজিয়েছেন তেভেজ। সেখানে জায়গা পেয়েছেন মেসি, রোনালদো, ওয়েইন রুনি, পল স্কোলস ও আন্দ্রেয়া পিরলোর মতো তারকারা।
একাদশে বোকা জুনিয়র্সের হয়ে খেলেছেন কেবল হুগো ইবারা। তাকে সেরা রাইটব্যাক উল্লেখ করে তেভেজ বলেন, ‘রাইটব্যাক হিসেবে “এল নেগ্রো”র মতো কাউকে খেলতে দেখেছি বলে মনে পড়ে না। আমার সাথে খেলা সেরা রাইটব্যাক সে।’
তবে সাবেক সতীর্থ রোলান্দো শিয়াভিকে একাদশে রাখতে না পারায় আক্ষেপ রয়েছে তার। এ প্রসঙ্গে তেভেজ বলেন, ‘এল ফ্লাকোকে বাদ দেয়া আমার জন্য কঠিন।’
বিদায়ী ম্যাচে মেসির উপস্থিতি নিশ্চিত হলেও রোনালদোকে আমন্ত্রণ জানানোর ইচ্ছা এখনো রয়েছে তেভেজের। ম্যানচেস্টার ইউনাইটেডে একসাথে খেলা পর্তুগিজ তারকাকে নিয়ে মজা করে তিনি বলেন, ‘আমি কল্পনা করি, ক্রিশ্চিয়ানো ও মেসি মিলে “ফ্লাকো” শিয়াভিকে ড্রিবল করে পেরিয়ে যাচ্ছে।’
তেভেজের বিদায় আয়োজনে মেসি ছাড়াও লিয়ান্দ্রো পারেদেস, রিও ফার্দিনান্দ, সার্জিও আগুয়েরো, মার্টিন পালার্মো ও জিয়ানলুইজি বুফনের থাকার কথা রয়েছে। তবে হুয়ান রোমান রিকেলমের অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি।
তেভেজের স্বপ্নের একাদশ
গোলরক্ষক: জিয়ানলুইজি বুফন।
রক্ষণভাগ: হুগো ইবারা, রিও ফার্দিনান্দ, জর্জিও কিয়েল্লিনি ও প্যাট্রিস এভরা।
মধ্যমাঠ: পল স্কোলস ও আন্দ্রেয়া পিরলো।
আক্রমণভাগ: ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, ওয়েইন রুনি ও কার্লোস তেভেজ।


