ক্যাম্পিওনেস কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে নিজেদের চতুর্থ শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। মায়ামির নু স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে অনুষ্ঠিত এ ম্যাচে নিজে এক গোল করার পাশাপাশি অন্য গোলটিতে সহায়তা করেন লিওনেল মেসি। এই জয়ের মাধ্যমে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে নিজের ঝুলিতে ৪৮তম শিরোপা পুরলেন আর্জেন্টাইন মহাতারকা।
মায়ামির হয়ে শততম গোলটি করার মাধ্যমে অনন্য এক রেকর্ডও গড়েছেন মেসি। ১১৫ ম্যাচে মার্কিন ক্লাবটির হয়ে গোলের সেঞ্চুরি পূরণ করেন তিনি, যা তার আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল ক্যারিয়ারে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
এর আগে আর্জেন্টিনার হয়ে শততম গোল করতে ১৭৪ ম্যাচ এবং বার্সেলোনার জার্সিতে লেগেছিল ১৮৮ ম্যাচ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দানি আলভেজের চেয়ে এখন ৫টি শিরোপায় এগিয়ে বিশ্বজয়ী এই অধিনায়ক।
এদিকে বিশ্বব্যাপী বিস্তৃত বাংলাদেশি সমর্থকদের উদ্দেশ্যে এবার বাংলায় পোস্ট দিয়েছে ইন্টার মায়ামি। ঐতিহাসিক শিরোপা জয়ের কয়েক ঘণ্টা পর নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে দলগত উদযাপনের ছবি শেয়ার করে বাংলায় ক্যাপশন দেয় ক্লাবটি—‘আরেক রাত, আরেক শিরোপা।’ বাংলা ভাষার এই পোস্ট নজর কেড়েছে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের।


