...|...|...

খেলা

মেসির পর নতুন অধিনায়ক পেল আর্জেন্টিনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০০
Shares
মেসির পর নতুন অধিনায়ক পেল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির আন্তর্জাতিক বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পেতে যাচ্ছেন ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরো। কোচ লিওনেল স্কালোনিই বিষয়টি নিশ্চিত করেছেন। মেসি ও নিকোলাস ওতামেন্দির পর নেতৃত্বের ক্রমে আগে থেকেই তৃতীয় অধিনায়ক ছিলেন রোমেরো।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আর্জেন্টিনার অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় নতুন অধিনায়ক নিয়ে প্রশ্নের জবাব দেন স্কালোনি। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মেসির বিদায়ী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচের পর আর্জেন্টিনার নেতৃত্বের নতুন অধ্যায়ে রোমেরোকে সামনে রাখার কথা জানান কোচ।

স্কালোনি বলেছেন, ‘অধিনায়ক হবে কুতি। লিও ও ওতার (নিকোলাস ওতামেন্দি) পর সে আগেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানোও আছে, যে আর্মব্যান্ড পরতে পারে। রদ্রিগোও পারে, যদিও এই দুই ম্যাচে সে থাকবে না।’

অর্থাৎ এমিলিয়ানো মার্তিনেজ ও রদ্রিগো দি পলও আর্জেন্টিনার নেতৃত্বের বিকল্প হিসেবে রয়েছেন। তবে স্কালোনির বক্তব্য অনুযায়ী প্রথম পছন্দ রোমেরো। এর আগে মেসি ও ওতামেন্দির অনুপস্থিতিতে কয়েকটি ম্যাচে রোমেরো আর্জেন্টিনাকে নেতৃত্বও দিয়েছেন।

আর্জেন্টিনার রক্ষণভাগে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন রোমেরো। স্কালোনির অধীনে জাতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন তিনি। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন এই ডিফেন্ডার।

আগস্টের শেষ দিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। এরপর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তার বিদায়ী ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয়। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মনুমেন্তালে সেই ম্যাচে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আর্জেন্টাইন তারকা।

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নেতৃত্বে যে পরিবর্তন আসছে, তার প্রথম সারিতে থাকছেন রোমেরো। দীর্ঘদিনের অধিনায়ককে বিদায় জানানোর পর নতুন নেতৃত্বে আর্জেন্টিনা কীভাবে এগোয়, এখন সেটিই দেখার বিষয়।