অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার জুরাইনে সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শ্যামপুর দক্ষিণ থানার আমির কামরুল আহসান, ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আসাদুল্লাহ শেখসহ স্থানীয় বাসিন্দারা।
কবর জিয়ারত শেষে সাদিক কায়েম বলেন, সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নির্বাচনী রাজনীতিতে শেখ হাসিনাকে পরাজিত করার পাশাপাশি রাজধানী ঢাকায় আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন তিনি।
সাদিক কায়েম আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও সার্বভৌমত্ব রক্ষায় সাদেক হোসেন খোকার অবদান জাতি সব সময় স্মরণ রাখবে।
উল্লেখ্য, সাদেক হোসেন খোকা ২০১৯ সালের ৪ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।


