জনস্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের মবের অভিযোগ তুলে দলটির কঠোর সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এসব কথা বলেন।
বক্তব্যে তিনি বলেন, রাড্ডার পর এবার বিএনপির কর্মীদের মবের শিকার হয়েছে আইইডিসিআরের পরিচালকের কার্যালয়। এরপরও তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। সাংবাদিকরা প্রশ্ন করলে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের সভাপতি উল্টো সাফাই গেয়েছেন।
আইইডিসিআর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সাথে যৌথভাবে কাজ করে উল্লেখ করে সাদিক কায়েম বলেন, এমন একটি প্রতিষ্ঠানে মবের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে এবং বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত করবে।
তিনি আরও বলেন, স্পষ্টতই দেখা যাচ্ছে, বিএনপির হাইকমান্ড দলের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে। দলের নেতাকর্মীরা যে যার মতো নিজেদের স্বার্থ হাসিল করতে বেপরোয়া আচরণ করছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাদিক কায়েম বলেন, বহিষ্কারের নাটক আর নয়, প্রতিটি মবের ঘটনায় দায়ী বিএনপির নেতাকর্মীদের বিচার করতে হবে, সকল সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনগণের সম্মান ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, নিজ দলের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন, বাংলাদেশের মানুষকে বাঁচতে দিন।


