...|...|...

রাজনীতি

গোয়েন্দা সংস্থার সাথে গোলাম পরওয়ারের বৈঠকের খবর, জামায়াতের প্রতিবাদ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, সকাল ৮:৫০ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৮
Shares
গোয়েন্দা সংস্থার সাথে গোলাম পরওয়ারের বৈঠকের খবর, জামায়াতের প্রতিবাদ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। তবে সম্প্রতি দলটির সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারকে জড়িয়ে একটি দেশের গোয়েন্দা সংস্থার সাথে বৈঠকের খবর প্রকাশ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যারা সেক্রেটারি জেনারেলকে জড়িয়ে এ ধরনের তথ্য প্রচার করেছেন এবং অভিযোগের সত্যতা প্রমাণের চ্যালেঞ্জ জানিয়েছেন, তাদের উচিত অভিযোগের সত্যতা জাতির সামনে তুলে ধরা।

তিনি আরও বলেন, অসত্য তথ্যের মাধ্যমে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে বিতর্কিত করার চেষ্টা সফল হবে না। এ ধরনের তথ্য প্রচারকারীদের মানসিক ও রাজনৈতিক সুস্থতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

বিবৃতিতে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা ও তথ্যের যথার্থতা যাচাই করার জন্য গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা। প্রমাণের ভিত্তিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

একই সাথে মিথ্যা প্রচারণা ও অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়তে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।