মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের উত্তর বাগজুর জামে মসজিদে কোনো মুয়াজ্জিন না থাকলেও তার নামে সরকারি ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মঈন উদ্দীনের বিরুদ্ধে। তিনি বাগজুর এলাকার উস্তার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর বাগজুর জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে কোনো মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়নি। এই সুযোগ কাজে লাগিয়ে ওই বিএনপি নেতা নিজের নাম মুয়াজ্জিন হিসেবে তালিকাভুক্ত করান বলে অভিযোগ উঠেছে। সরকারের পক্ষ থেকে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য নির্ধারিত বিশেষ সম্মানীর অর্থ এভাবে অন্য ব্যক্তির নামে আসায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও গুঞ্জন দেখা দিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মঈন উদ্দীনের সাথে কথা হলে তিনি জানান, মসজিদ কমিটির সম্মতিতে তার নাম দেওয়া হয়েছে এবং ভাতার টাকা তিনি নিজে রাখবেন না, মসজিদে দিয়ে দেবেন।
তবে স্থানীয়দের মতে, প্রকৃত মুয়াজ্জিন না থাকা সত্ত্বেও নিজের নামে সরকারি সুবিধা নেওয়া এবং তা নিজের অ্যাকাউন্টে আনা প্রশাসনিক নিয়মের পরিপন্থী।


