মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। এ ঘটনায় সেলিম নামের একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা সেলিমের লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আওলাদ মোল্লা মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। অন্যদিকে রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সাথে জড়িত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত সপ্তাহেও তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এলাকার নিয়ন্ত্রণ নিয়ে আবারও সংঘাতে জড়ায় দুই পক্ষ। একপর্যায়ে সংঘর্ষ চরডুমুরিয়া, সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
এ সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে সেলিম নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে ঘটনার পর হাসপাতালে স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন। তিনি জানান, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


