ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে সরাসরি আইফোন চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এক যুবকের এমন অস্বাভাবিক অনুরোধে কিছুটা অবাক হন মুখ্যমন্ত্রী। পরে অবশ্য ওই যুবককে আইফোন দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
সম্প্রতি ঘটনাটির ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন হিমন্ত বিশ্বশর্মা। ভিডিওতে দেখা যায়, তিনি মানুষের ভিড়ে গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এ সময় এক যুবক সামনে এসে তাকে বলেন, ‘স্যার, আমি একটি আইফোন চাই।’
যুবকের কথা শুনে কিছুটা অবাক হয়ে মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করেন, ‘আইফোন? তুমি পুরোনো আইফোন চাও, নাকি নতুন?’
এরপর মজার ছলে হাত তুলে ওই যুবকের দিকে ইঙ্গিত করেন বিশ্বশর্মা। পরে তাকে বলতে শোনা যায়, ‘ঠিক আছে, আমরা তোমাকে একটি আইফোন এনে দেব। তুমি পেয়ে যাবে।’
এরপর মুখ্যমন্ত্রী সেখান থেকে এগিয়ে গিয়ে উপস্থিত অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে থাকেন।
ভিডিওটি শেয়ার করে হিমন্ত বিশ্বশর্মা ক্যাপশনে লেখেন, ‘খুবই স্পষ্ট অগ্রাধিকার।’
ভিডিওটি প্রকাশের পর দ্রুতই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আইফোন চাওয়ার ঘটনায় অনেকে মজা করে প্রতিক্রিয়া জানান। কেউ কেউ বিশ্বশর্মার প্রতিশ্রুতির প্রশংসা করেছেন, আবার কেউ জানতে চেয়েছেন, ওই যুবক শেষ পর্যন্ত সত্যিই আইফোন পেয়েছেন কি না।
এক ব্যবহারকারী মন্তব্য করেন, মুখ্যমন্ত্রীর কাছে এতটা স্বাভাবিকভাবে আইফোন চাওয়ার পেছনে ওই যুবকের দৃঢ় সংকল্প নিশ্চয়ই প্রবল।
সূত্র: ইন্ডিয়া টুডে


