...|...|...

জাতীয়

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব সরকারের

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, রাত ১১:২৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২২
Shares
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব সরকারের

মালয়েশিয়ার পর এবার গ্যাস-সংকট সমাধানে মিয়ানমারের সহায়তা চেয়েছে বাংলাদেশ। দেশটির সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে পাইপলাইন ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে।

রবিবার (২ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ে এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের প্রাকৃতিক গ্যাসের চাহিদা মেটাতে মিয়ানমার থেকে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইন স্থাপনের দীর্ঘদিনের পুরোনো প্রস্তাবটি নতুন করে চালুর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাইপলাইনের পাশাপাশি এলএনজি হিসেবেও গ্যাস সরবরাহের সম্ভাব্যতা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়, যাতে জ্বালানিমন্ত্রীও ইতিবাচক সাড়া দেন।

দ্বিপক্ষীয় এই আলোচনাকে আরও বেগবান করতে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রীপর্যায়ের বৈঠকের প্রস্তাব দিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সময় তিনি মিয়ানমারের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর কথা বলেন এবং প্রয়োজনে নিজে মিয়ানমার সফরের আগ্রহ প্রকাশ করেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের প্রসঙ্গ টেনে মন্ত্রী চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর প্রস্তাবের কথা স্মরণ করিয়ে দেন এবং উভয় দেশের মধ্যে পাইপলাইন স্থাপিত হলে তা অত্যন্ত সহায়ক হবে বলে মত প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও জ্বালানি সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। উভয় দেশের যৌথ কারিগরি কমিটির সভা ডেকে বিষয়টি পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন মিয়ানমারের রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানিসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিদ্যুৎসচিব মিরানা মাহরুখ।