চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের সময় ৯৭৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উপকূলীয় ইছাখালী খালের ১৬ গেট এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
অভিযানকালে সারবোঝাই চারটি ট্রাক ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। একই সাথে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন শ্রমিককে আটক করে কোস্ট গার্ডের আভিযানিক দল।
কোস্ট গার্ড জানায়, চক্রটি চট্টগ্রামের মাঝিরঘাট থেকে এক হাজার ১০০ বস্তা ইউরিয়া সার সংগ্রহ করে হাতিয়ায় নিয়ে যাওয়ার কথা জানিয়েছিল। তবে বাস্তবে সাগরপথে এসব সার অবৈধভাবে মিয়ানমারে পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
রাত ১টার দিকে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মূল পাচারকারী চক্রের সদস্যরা তড়িঘড়ি করে ১২৫ বস্তা সার নিয়ে একটি ট্রলারে করে সেখান থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বাকি ৯৭৫ বস্তা সার ও যানবাহনগুলো উদ্ধার করা হয়।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের চৌধুরী। তিনি সেখানে দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং আটক তিন শ্রমিককে নগদ অর্থদণ্ড দেন।
আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার করা সমুদয় ইউরিয়া সার উন্মুক্ত স্পট নিলামের মাধ্যমে স্থানীয়দের কাছে বিক্রি করা হয়েছে। তবে পাচারে ব্যবহৃত ট্রলারটি বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে।
এই চক্রের মূল হোতাদের চিহ্নিত করা এবং পাচারের সাথে জড়িত অন্য সদস্যদের আইনের আওতায় আনতে পরবর্তী আইনি পদক্ষেপ ও তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।


