...|...|...

রাজনীতি

মিষ্টির জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৫৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৯
Shares
মিষ্টির জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া একটি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির একক প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১ নভেম্বর। এই সময়সীমা পার হওয়ার পর এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে নির্বাচন কমিশন। এলিজা জামান বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। রাজধানীর মিরপুরে একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নাম আসার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি পদত্যাগ করেছিলেন।

জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের সংখ্যানুপাতিক হারে বণ্টন করা হয়, যার মধ্যে চলতি ত্রয়োদশ সংসদে বিএনপি মোট ৩৬টি আসন পায়।