পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার এলাউ করলে আমরা সেটাই করব’—এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটি এই বক্তব্যকে ‘চাকরিবিধির চরম লঙ্ঘন’ এবং ‘ফ্যাসিস্ট আমলের অপকর্মের পুনরাবৃত্তির হুমকি’ হিসেবে আখ্যায়িত করেছে। একই সাথে এই বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করেছে তারা।
সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা দেওয়াই পুলিশের প্রধান দায়িত্ব। পুলিশ নাগরিকদের সেবক, কোনো শাসক নয়।
ঢাকার চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি ওই বক্তব্য দেন উল্লেখ করে জুবায়ের বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে নাগরিকদের নিরাপত্তা ও বাকস্বাধীনতা ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে হত্যা, গুম ও ক্রসফায়ারের ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। নতুন আইজিপির বক্তব্যে সেই পুরোনো ভয়ের সংস্কৃতিতে ফিরে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত মিলছে, যা সংবিধান ও আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থি।
বিবৃতিতে তিনি আরও দাবি করেন, দেশজুড়ে সন্ত্রাস, চাঁদাবাজি দমন ও মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তিনি দেশকে নতুন সংকটে ফেলার ষড়যন্ত্র রুখে দাঁড়াতে এবং নাগরিকদের স্বাভাবিক ও নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করতে পুলিশ সদস্য ও কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

