...|...|...

রাজধানী

মালিবাগের পর এবার আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৮
Shares
মালিবাগের পর এবার আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ

আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীতে একই দিনে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাখালী ও আগারগাঁওয়ে পৃথক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে জুমার নামাজের পর মালিবাগেও একটি শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষ তথ্য অনুযায়ী, সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের কাছাকাছি সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কারও হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনাতেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানীতে সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা এর আগেও ঘটেছে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত পৌনে ১১টার দিকে প্রথমে জগন্নাথ হলের গেটের কাছে পরপর দুটি বিস্ফোরণ হয়। 

কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। এসব ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

একই দিন দুপুরে সুপ্রিম কোর্ট এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা প্রধান বিচারপতির গেটের সামনে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটায় বলে জানা যায়।

ওইদিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্ট এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।