...|...|...

খেলা

মার্তিনেজের প্রশংসায় পঞ্চমুখ স্পেনের বিশ্বকাপজয়ী গোলরক্ষক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৩
Shares
মার্তিনেজের প্রশংসায় পঞ্চমুখ স্পেনের বিশ্বকাপজয়ী গোলরক্ষক

উনাই সিমন ও এমিলিয়ানো মার্তিনেজ। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের খেলার দক্ষতার পাশাপাশি তার ব্যক্তিত্বেরও প্রশংসা করেছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। মাঠে প্রতিপক্ষকে চাপে রাখা ও আগ্রাসী আচরণের জন্য পরিচিত মার্তিনেজকে কাছ থেকে দেখে নিজের আগের ধারণা বদলে গেছে বলে জানিয়েছেন তিনি। বিশেষ করে ফাইনালের পর মার্তিনেজের সৌজন্য ও আন্তরিক আচরণ মুগ্ধ করেছে স্পেন ও অ্যাথলেটিক বিলবাওয়ের এই গোলরক্ষককে।

সম্প্রতি সম্মানজনক ‘ইয়াসিন ট্রফি’ জিতেছেন সিমন। বিলবাওয়ের অফিসিয়াল চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে মার্তিনেজের প্রতিভা ও ব্যক্তিত্ব নিয়ে কথা বলেন তিনি। এ সময় আর্জেন্টাইন গোলরক্ষকের খেলার ধরন এবং ফাইনালের পর তার সাথে হওয়া অভিজ্ঞতার কথাও তুলে ধরেন সিমন।

বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করে স্পেনকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সিমন। অন্যদিকে, স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পর মাঠের আচরণ নিয়ে সমালোচনার মুখে পড়েছিল আর্জেন্টিনা। দলটির খেলোয়াড়দের আচরণ নিয়ে তৈরি হয়েছিল নানা বিতর্ক। তবে সেই বিতর্কের বাইরেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্যের নজির দেখা গেছে।

মার্তিনেজের শারীরিক গঠন ও গোলরক্ষক হিসেবে সামর্থ্যের প্রশংসা করে সিমন বলেন, “শারীরিক গঠন ও দক্ষতার দিক দিয়ে দিবু আমার চেয়ে অনেকটাই আলাদা, সে অবিশ্বাস্য প্রতিভাবান। তার খেলার ধরন একেবারেই স্বতন্ত্র সব সময় তৎপর, ক্ষিপ্র, দারুণ দ্রুতগতির আর লম্বা। তাছাড়া নিচ থেকে বল বের করে আক্রমণ তৈরিতেও সে ভীষণ পরিচ্ছন্ন।”

তবে মার্তিনেজের প্রতি সিমনের মুগ্ধতার বড় কারণ ছিল ফাইনালের পর তার আচরণ। টেলিভিশনে পেনাল্টি ঠেকানোর পর উদযাপন কিংবা মাঠের আগ্রাসী রূপ দেখে আগে আর্জেন্টাইন গোলরক্ষক সম্পর্কে কিছুটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল তার। কিন্তু সরাসরি দেখা হওয়ার পর সেই ধারণা পাল্টে যায়।

নিজের আগের ভাবনার কথা জানিয়ে সিমন বলেন, “মাঠের বাইরে দূর থেকে দেখে মার্তিনেজ সম্পর্কে আমার ধারণা ছিল, সে হয়তো সবাইকে খোঁচাতে ভালোবাসে কিংবা একটু বাড়াবাড়ি রকমের শো-অফ করে। কিন্তু ফাইনাল শেষ হওয়ার পর সে যেভাবে এসে আমাকে অভিনন্দন জানাল, জড়িয়ে ধরল, শুভকামনা জানিয়ে আন্তরিক কথা বলল তা আমার হৃদয় ছুঁয়ে গেছে।”

মার্তিনেজের আচরণে বিস্মিত হওয়ার কথাও জানান সিমন। তিনি আরও যোগ করেন, “সে আমাকে ইতিবাচকভাবেই চমকে দিয়েছিল। তখনই বুঝতে পেরেছি, লড়াইয়ের ময়দানে হয়তো সে আগ্রাসী, কিন্তু মানুষ হিসেবে সে অত্যন্ত চমৎকার ও সজ্জন। আমার প্রতি সে ছিল দারুণ অমায়িক।”