...|...|...

বিশ্ব

মার্কিন ডাক বিভাগে ১৫৪৯ কোটি টাকার জালিয়াতি, অভিযুক্ত পাকিস্তানি নাগরিক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, বিকেল ৩:২৮
Shares
মার্কিন ডাক বিভাগে ১৫৪৯ কোটি টাকার জালিয়াতি, অভিযুক্ত পাকিস্তানি নাগরিক

ছবি: সংগৃহীত

অনলাইনে জাল পোস্টাল লেবেল বিক্রি করে মার্কিন যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিস-এর প্রায় ১২ কোটি ৫০ থেকে ৬০ লাখ ডলার বা প্রায় ১২৬ মিলিয়ন ডলার (প্রায় ১৫৪৯ কোটি ১৭ লাখ টাকা) আত্মসাৎ করার অভিযোগে এক পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে মামলা ও আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। 

শুক্রবার (২ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসে। খবর ডনের।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে গত সোমবার প্রকাশিত ফ্লোরিডার দক্ষিণাঞ্চলীয় ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি অফিসের একটি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, পাকিস্তানের খানওয়ালের ৩৩ বছর বয়সী এক বাসিন্দার বিরুদ্ধে এই ফেডারেল অভিযোগ আনা হয়েছে। তিনি একটি অননুমোদিত ওয়েবসাইট পরিচালনা করতেন, যা থেকে ৫০ লাখেরও বেশি জাল মার্কিন পোস্টাল লেবেল বিক্রি করা হয়েছিল বলে ফেডারেল গ্র্যান্ড জুরি অভিযোগপত্র দিয়েছে।

আদালতের নথিপত্র অনুযায়ী, প্যাকেজের আকার, ওজন বা গন্তব্যস্থল যাই হোক না কেন, এসব জাল লেবেল একটি নির্দিষ্ট মূল্যে—সাধারণত প্রতি লেবেল ২ ডলারে—বিক্রি করা হতো। এর ফলে গ্রাহকরা বৈধ ইউএসপিএস মূল্যের চেয়ে অনেক কম খরচে পার্সেল বা পণ্য পাঠাতে পারতেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এই কাজের জন্য ব্যবহৃত ওয়েবসাইটটির ইউএসপিএস-এর পণ্য ও সেবা বিক্রি করার কোনো বৈধ অনুমোদন ছিল না।

তদন্তে জানা গেছে, ৫ হাজার ২০০ জনেরও বেশি ব্যক্তি ওই ওয়েবসাইট থেকে ৫.১ মিলিয়নের বেশি জাল শিপিং লেবেল কিনেছিলেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর ফলে ডাক বিভাগ বা পোস্টাল সার্ভিসের মোট ক্ষতির পরিমাণ ১২ কোটি ৬০ লাখ (১২৬ মিলিয়ন) ডলার ছাড়িয়ে গেছে।

ফ্লোরিডার দক্ষিণাঞ্চলীয় ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি জেসন রেডিং কুইনোনস বলেন, ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিস এবং আমাদের প্রসিকিউটরদের কাজের মাধ্যমে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে, ডোমেন জব্দ করা হয়েছে এবং এর মূল অপারেটরের বিরুদ্ধে ফেডারেল অভিযোগ আনা হয়েছে। তিনি এই জালিয়াতি চক্রকে সহজ কিন্তু বিশাল আকারের বলে অভিহিত করেন।

বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে প্রতারণা ও জাল পোস্টাল স্ট্যাম্প তৈরি ও বিক্রির ষড়যন্ত্রের ১টি কাউন্ট, জাল পোস্টাল স্ট্যাম্পের লেবেল তৈরি ও বিক্রির ৫টি কাউন্ট এবং ওয়্যার ফ্রডের ৪টি কাউন্ট—সহ মোট ১০টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

দোষী প্রমাণিত হলে ষড়যন্ত্র এবং জাল পোস্টাল স্ট্যাম্প বিক্রির অভিযোগের প্রতিটিতে সর্বোচ্চ পাঁচ বছর এবং ওয়্যার ফ্রডের প্রতিটি অভিযোগের জন্য সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বিচার বিভাগ আরও জানিয়েছে, একটি অভিযোগপত্র বা ইনডিক্টমেন্ট কেবলই একটি অভিযোগ। আদালতের বিচারাধীন প্রক্রিয়ায় দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সকল অভিযুক্ত ব্যক্তিই নির্দোষ বলে গণ্য হবেন।

উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারি মাসে মার্কিনমুলুকে মেডিকেয়ার এবং বেসরকারি বীমা প্রোগ্রামগুলোকে টার্গেট করে ১ কোটি ডলারের স্বাস্থ্যসেবা জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে আরও দুই পাকিস্তানি নাগরিককে অভিযুক্ত করা হয়েছিল।