...|...|...

বিশ্ব

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে ইলন মাস্কের প্রযুক্তি ব্যবহার করেছে ইরান

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৬
Shares
মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে ইলন মাস্কের প্রযুক্তি ব্যবহার করেছে ইরান

ছবি: এআই

মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হন মাস্ক। এমনকি প্রযুক্তিটির অপব্যবহার ঠেকাতে স্টারলিংক টার্মিনাল বিক্রিতে নতুন বিধিনিষেধও আরোপ করে স্পেসএক্স।

শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, গত মার্চে কুয়েতের পোর্ট শুয়াইবা সামরিক স্থাপনায় ড্রোন হামলার ঘটনায় স্টারলিংকের সহায়তা নিয়েছিল ইরান। ওই হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। অনুমতি ছাড়া প্রযুক্তিটি ব্যবহারের খবর জানতে পেরে প্রচণ্ড ক্ষুব্ধ হন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি মার্কিন সামরিক কর্মকর্তারা।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হামলার পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে স্টারলিংকের বিক্রয় নীতিতে পরিবর্তন আনেন মাস্ক ও স্পেসএক্স কর্তৃপক্ষ। অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের হাতে এই প্রযুক্তি পৌঁছানো ঠেকাতে বিক্রেতাদের জন্য গ্রাহকের পরিচয় যাচাইয়ের নতুন শর্ত চালু করা হয়।

ইরানের ঘটনায় মাস্কের ক্ষুব্ধ হওয়ার পেছনে আরও একটি কারণ রয়েছে। এর মাত্র দুই মাস আগে সামরিক কাজে রাশিয়ার স্টারলিংক ব্যবহারে বাধা দিতে উদ্যোগ নিয়েছিলেন তিনি।

ইউক্রেনের পক্ষ থেকে প্রযুক্তিটির সামরিক ব্যবহারের ভিডিও তুলে ধরার পর স্টারলিংক ও স্টারশিল্ড ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেন মাস্ক। এমনকি প্রযুক্তির অপব্যবহারের ঘটনায় স্পেসএক্সের দুই নির্বাহী কর্মকর্তাকে বরখাস্ত করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ইরানে স্টারলিংক সেবা বন্ধ করা নিয়ে দ্বিধায় রয়েছে স্পেসএক্স। দেশটির অভ্যন্তরে স্টারলিংক টার্মিনাল বন্ধ করার সক্ষমতা থাকলেও এতে বিপাকে পড়তে পারেন ইরানের সরকারবিরোধীরা। সরকারি ইন্টারনেট নিয়ন্ত্রণ এড়িয়ে যোগাযোগের জন্য এই সেবা ব্যবহার করছেন তারা। তাদের যোগাযোগের সুযোগ অব্যাহত রাখতে আগ্রহী মাস্ক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

এর আগে গত জানুয়ারিতে ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দিলে স্টারলিংক ব্যবহারের জন্য অতিরিক্ত কোনো খরচ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন মাস্ক।

এ বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো হলি ড্যাগরেস বলেন, ‘দেশের ভেতরে কী ঘটছে, তা ইরানিদের জানানোর একমাত্র উপায় ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম।’

তিনি আরও বলেন, ‘আমার ধারণা, এ কারণেই ট্রাম্প প্রশাসন এই যোগাযোগব্যবস্থা বন্ধ করতে চায় না। সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপের বিভিন্ন চ্যানেল থেকে পাওয়া উন্মুক্ত তথ্যের মাধ্যমে ঘটনাস্থলের পরিস্থিতি বোঝা গুরুত্বপূর্ণ। কারণ তেহরানে যুক্তরাষ্ট্রের কোনো দূতাবাস নেই এবং দেশটির ভেতরে সাংবাদিকেরা স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে পারেন না।’