যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে মার্কিন বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ যোগ্যতা অর্জনের বিষয়টি নিশ্চিত করেছে ডিএফসি। সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগ আঞ্চলিক সহযোগিতা জোরদারের পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হতে পারে।
ডিএফসির মতে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিপুল বিনিয়োগ প্রয়োজন। নতুন এই স্বীকৃতির ফলে বেসরকারি খাতের বিনিয়োগ কাজে লাগিয়ে সেই চাহিদার একটি অংশ পূরণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে অর্থায়নের অভাবে আটকে থাকা গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়নের পথও সহজ হতে পারে।
সংস্থাটি জানিয়েছে, অর্থায়নের পাশাপাশি বিনিয়োগের ঝুঁকি কমাতে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া সম্ভব হবে। এতে বেসরকারি বিনিয়োগকারীরা বড় প্রকল্পে অর্থায়নে আরও আগ্রহী হতে পারেন।
বিশেষ করে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক সেবার পরিধি বাড়ানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে এসব বিনিয়োগ ভূমিকা রাখতে পারে।
ডিএফসি বলছে, অনেক সময় বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নবান্ধব প্রকল্পও পর্যাপ্ত অর্থায়নের অভাবে বাস্তবায়ন করা যায় না। আবার রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা অন্যান্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীরা অর্থায়নে অনাগ্রহী থাকেন। এ ধরনের প্রতিবন্ধকতা কাটাতে ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বাংলাদেশের নতুন যোগ্যতাকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ডিএফসির অর্থায়নের আওতায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার ফলে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার সুযোগ তৈরি হয়েছে। বেসরকারি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা সম্ভব হবে।
বেন ব্ল্যাক আরও বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া যাবে।
এদিকে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র।
তার মতে, দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। এ লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মার্কিন রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে।
ডিএফসি জানিয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস এ অঞ্চলে। পাশাপাশি দ্রুত বর্ধনশীল বেশ কয়েকটি অর্থনীতিও এখানে অবস্থিত।
এ কারণে মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো, মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারণ এবং আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালী করতে কাজ করছে সংস্থাটি।
বাংলাদেশের নতুন যোগ্যতা অর্জনের ফলে দেশটির গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোতে মার্কিন বেসরকারি পুঁজি আকর্ষণের সুযোগ বাড়বে বলে মনে করছে ডিএফসি।
তবে অর্থায়নের যোগ্যতা অর্জনের অর্থ এই নয় যে বাংলাদেশ ইতোমধ্যে কোনো নির্দিষ্ট অঙ্কের অর্থ বরাদ্দ পেয়েছে। প্রকল্পভিত্তিক যাচাই, বিনিয়োগের সম্ভাব্যতা ও প্রয়োজনীয় অনুমোদনের ভিত্তিতে অর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হবে।



