স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। একদিন আগেই বিলবাওকে গুঁড়িয়ে ফাইনালে উঠে বার্সেলোনা। আর এতেই আরেকটি এল ক্লাসিকো উপভোগের সুযোগ মিলছে ফুটবল ভক্তদের।
সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচের মাত্র দুই মিনিটের মাথায় লিড নেয় রিয়াল। বক্সের বেশ বাইরে থেকে নেওয়া এক অবিশ্বাস্য ফ্রি কিকে দলকে এগিয়ে দেন উরুগুইয়ান মিডফিল্ডার ফেদে ভালভার্দে। প্রথমার্ধে ম্যাচে সমতা ফেরাতে পারেনি অ্যাটলেটিকো। ব্যবধান বাড়াতে পারেনি রিয়ালও। হাফ টাইমে তাই ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে রিয়াল।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ভালভার্দের অ্যাসিস্টে গোল করেন দারুণ ফর্মে থাকা ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো গোয়েস। দুই গোল হজম করার পরপরই একটি গোল শোধ করে অ্যাটলেটিকো। ৫৮ মিনিটে সিমিওনের অ্যাসিস্টে ব্যবধান কমান আলেক্সান্ডার সোরলথ।
ম্যাচে এরপর অনেক চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারেনি অ্যাটলেটিকো। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই ফাইনালে পৌঁছে যায় রিয়াল। রবিবার ৯ (১১ জানুয়ারি) জানুয়ারি একই স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল ও বার্সা।

