...|...|...

জাতীয়

মাদ্রাসায় সৌরবিদ্যুৎ স্থাপনে সহায়তা দেবে বিদ্যুৎ বিভাগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৫৬ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:০০
Shares
মাদ্রাসায় সৌরবিদ্যুৎ স্থাপনে সহায়তা দেবে বিদ্যুৎ বিভাগ

ছবি: সংগৃহীত

দেশজুড়ে লোডশেডিং পরিস্থিতি মোকাবিলায় ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা, প্রণোদনার তথ্য এবং নেট মিটারিং সংযোগের জটিলতা সমাধানে হটলাইন ও ওয়ান-স্টপ সেবা চালু করা হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে আওতাধীন মাদ্রাসাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

রবিবার (১১ অক্টোবর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে মাদ্রাসা প্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, কারিগরি ও মাদরসা শিক্ষা বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের চিঠির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা পেতে সংশ্লিষ্ট হটলাইন ও সেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারবেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

জরুরি সহায়তার জন্য বিদ্যুৎ বিভাগের হটলাইন নম্বর ১৬৯৯৯। এ ছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ১৬২০০, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১৬৮৯৯, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ১৬১১৬, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ১৬১২০, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ১৬১১৭ এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) ১৬৬০৩ নম্বরে যোগাযোগ করা যাবে।

এ ছাড়া টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) ০১৫৫০৭৭৭৭৭৭ নম্বরেও সহায়তা পাওয়া যাবে।

নির্দেশনায় আরও বলা হয়, টেলিফোনে যোগাযোগের পাশাপাশি বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর প্রধান কার্যালয় এবং জেলা ও উপজেলা পর্যায়ের ওয়ান-স্টপ সেবা কেন্দ্র থেকে প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে।

এসব কেন্দ্রে সমস্যার সমাধান না হলে বাংলাদেশ সচিবালয়ের পাশে বিদ্যুৎ ভবনের ১৩ তলায় অবস্থিত বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় ওয়ান-স্টপ সেবা কেন্দ্রে যোগাযোগ করা যাবে।

সৌরবিদ্যুৎ স্থাপন, প্রণোদনা সম্পর্কে তথ্য সংগ্রহ এবং নেট মিটারিং সংযোগের সমস্যা সমাধানে এসব সেবা মাদ্রাসা কর্তৃপক্ষকে সহায়তা করবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।