...|...|...

সারাদেশ

মাদকের টাকা না পেয়ে মেহেরপুরে পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগ

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, রাত ১২:৩৮
Shares
মাদকের টাকা না পেয়ে মেহেরপুরে পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগ

মাদকের টাকা না পেয়ে মেহেরপুরে পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগ। ছবি: টাইমস টুডে

মেহেরপুরের গাংনীতে মাদকের টাকা না পেয়ে পবিত্র কোরআন শরিফে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আহসান হাবিব(১৮) নামের এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আহসান হাবিব ওই গ্রামের ফয়েজ আলীর ছেলে।

পরিবারের অভিযোগ, আহসান হাবিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেলে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সাথে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়েন এবং তাদের মারধর করেন।

অভিযুক্তের বাবা ফয়েজ আলী জানান, রবিবার সকালে তার ছেলে মাদকের জন্য টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেন। একপর্যায়ে পবিত্র কোরআন শরিফে আগুন দেয়। ছেলের এমন আচরণে তিনিসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে রয়েছেন।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শিমুল কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।