নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২৬ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত রতন দাস উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরান্জন দাসের ছেলে। আহতরা হলেন- জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তারা সবাই পেশায় মৎস্যজীবী।
স্থানীয়রা জানান, চারজন একটি নৌকায় করে হাওরে মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাত হলে রতন দাস ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তারা কানে কম শুনতে পাচ্ছেন বলে জানা গেছে।
কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।


