...|...|...

বিশ্ব

মহানবী (সা.)-কে অবমাননা, শ্রীলঙ্কান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, রাত ১১:৩১
Shares
মহানবী (সা.)-কে অবমাননা, শ্রীলঙ্কান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি

ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান নাগরিক আনোজান শিবরাজের সাজা বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। 

বুধবার (১৪ অক্টোবর) শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম নিউজওয়্যার। বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার সৌদি সুপ্রিম কোর্ট ওই শ্রীলঙ্কান হিন্দু অভিবাসী শ্রমিকের মৃত্যুদণ্ডের রায় বাতিল করেন।

ইন্ডিয়া টুডের তথ্যমতে, ঘটনার সূত্রপাত ঘটে গত জুনের শেষ দিকে শ্রীলঙ্কায় একটি হিন্দু তীর্থযাত্রাকে কেন্দ্র করে। সে সময় তীর্থযাত্রীদের পেছনের সারিতে থাকা এক তরুণ মুসলিমকে এক কুকুরকে লাথি মারতে দেখা যায়—এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যবহারকারীদের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।

অনলাইন সেই বাকবিতণ্ডার একপর্যায়ে এক ব্যবহারকারী হিন্দু দেবতা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এর জবাবে ক্ষিপ্ত হয়ে তামিল ভাষায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে পালটা মন্তব্য করে বসেন ২৪ বছর বয়সি শিবরাজ। যদিও কিছুটা অনুতপ্ত হয়ে তিনি দ্রুতই মন্তব্যটি মুছে ফেলেন এবং একটি ক্ষমাপ্রার্থনার ভিডিও পোস্ট করেন।

তবে মন্তব্য মুছে ফেললেও এর স্ক্রিনশট অনলাইনে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। শিবরাজের ভাই হামসিদান বিবিসিকে জানান, শ্রীলঙ্কার কিছু ব্যক্তি সৌদি আরবে শিবরাজের কর্মস্থলে ইমেইল করে বিষয়টি জানিয়ে দেয়, যা পরবর্তীতে স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থাকে সতর্ক করে তোলে। এই অভিযোগ পাওয়ার পর পুলিশ তার ডিভাইস জব্দ করে এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তথ্য সংগ্রহ করে।

উল্লেখ্য, গত ১৫ জুলাই আল-আহসা ফৌজদারি আদালত ফেসবুকের ওই মন্তব্যের জেরে তাকে প্রথমে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৩০ লাখ সৌদি রিয়াল (প্রায় ৮ লাখ মার্কিন ডলার) জরিমানা করে। পরবর্তীতে মামলাটির গুরুত্ব বাড়িয়ে আইনি প্রক্রিয়ায় তার সাজা পরিবর্তন করে মৃত্যুদণ্ডে উন্নীত করা হয়েছিল।