চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে ভেসে থেকে পাকিস্তানের জাতীয় কবি আল্লামা মুহাম্মদ ইকবালের কবিতা আবৃত্তি করেছেন দেশটির প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) পাঁচ চীনা সহকর্মীর সামনে তার এই আবৃত্তির মধ্য দিয়ে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশেও যেন এক সুতোয় বাঁধা পড়ল ভারত ও পাকিস্তান।
পাকিস্তানের সবুজ-সাদা পতাকাখচিত নীল ফ্লাইট স্যুট পরা জিশান আলী মহাশূন্যে নিজেকে সামলে নিয়ে আবৃত্তি করেন ইকবালের বিখ্যাত শের—‘সিতারোঁ সে আগে জাঁহা অউর ভি হ্যায়/আভি ইশক কে ইমতিহাঁ অউর ভি হ্যায়’।
এরপর সাবলীল মান্দারিন ভাষায় চীনা সহকর্মীদের এর অর্থ বুঝিয়ে বলেন, তারাদের ওপারেও অসংখ্য জগত রয়েছে, আর সামনে রয়েছে আরও অসংখ্য পরীক্ষা। তার কথা শেষ হতেই করতালি ও উল্লাসে ফেটে পড়েন অন্য নভোচারীরা।
তবে মহাকাশে আল্লামা ইকবালের কবিতা উচ্চারিত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ভারতের নভোচারীদের কণ্ঠেও মহাশূন্য থেকে শোনা গিয়েছিল এই কবির পঙক্তি।
মহাকাশে ইকবালের কবিতার প্রথম উল্লেখ পাওয়া যায় ১৯৮৪ সালে। ওই বছরের এপ্রিলে সোভিয়েত সয়ুজ টি-১১ মিশনে চড়ে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে যান স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা। স্যালিউট-৭ মহাকাশ স্টেশনে অবস্থানকালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী টেলিভিশনে সরাসরি কথোপকথনে তাকে প্রশ্ন করেছিলেন, ওপর থেকে ভারতকে কেমন দেখাচ্ছে? জবাবে রাকেশ শর্মা ইকবালের ১৯০৪ সালে লেখা বিখ্যাত কবিতা ‘তারানা-ই-হিন্দ’-এর পঙক্তি উদ্ধৃত করে বলেছিলেন, ‘সারে জাঁহা সে আচ্ছা’ (সারা বিশ্বের চেয়ে সেরা)।
এরপর ১৯৯৭ সালের নভেম্বরে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী কল্পনা চাওলা স্পেস শাটল কলম্বিয়ায় চড়ে প্রথম মহাকাশযাত্রায় যান। সে সময় মহাকাশে থাকা কল্পনার সাথে কথোপকথনে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল আল্লামা ইকবালের সেই একই কবিতার প্রথম লাইন আবৃত্তি করে বলেছিলেন, তারাদের ওপারেও জগত রয়েছে, আর এখন আপনি তা দেখছেন; আপনার অনুভূতি কেমন?
জবাবে কল্পনা বলেছিলেন, এটি এক বিশেষ অনুভূতি; আপনি যা বলছেন, তা যেন আক্ষরিক অর্থেই সত্যি হয়ে ধরা দিয়েছে। পরবর্তী সময়ে ২০০৩ সালে দ্বিতীয় মহাকাশ অভিযান শেষে পৃথিবীতে ফেরার পথে কলম্বিয়া শাটল বিধ্বস্ত হয়ে নিহত হন কল্পনা চাওলা।
কে এই আল্লামা ইকবাল?
১৮৭৭ সালের ৯ নভেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন কবি, দার্শনিক ও রাজনীতিবিদ মুহাম্মদ ইকবাল। লাহোর, ইংল্যান্ড ও জার্মানিতে উচ্চশিক্ষা শেষে দর্শনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি। দক্ষিণ এশিয়াজুড়ে তিনি ‘আল্লামা’ বা মহাজ্ঞানী হিসেবে পরিচিত। মূলত উর্দু ও ফারসি ভাষায় সাহিত্যচর্চা করা এই কবি ইরানে ‘ইকবাল-ই-লাহোরি’ নামে সমাদৃত।
১৯৩০ সালে এলাহাবাদে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে সভাপতির ভাষণে তিনি পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু ও বেলুচিস্তানকে নিয়ে একটি স্বশাসিত রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন। ভাষণে ‘পাকিস্তান’ শব্দটি ব্যবহার না করলেও তাঁর সেই দর্শনই পরবর্তী সময়ে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়। ১৯৪৭ সালে দেশভাগের নয় বছর আগে, ১৯৩৮ সালের ২১ এপ্রিল লাহোরে মৃত্যুবরণ করেন তিনি।


