...|...|...

ধর্ম

মসজিদুল হারামে শিশুদের স্ট্রলার ব্যবহারে নতুন নিয়ম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, রাত ১১:৪৫
Shares
মসজিদুল হারামে শিশুদের স্ট্রলার ব্যবহারে নতুন নিয়ম

এআই দিয়ে তৈরি ছবি।

শিশুদের নিয়ে পবিত্র মসজিদুল হারামে আসা মুসল্লি ও ওমরাহযাত্রীদের সুবিধার্থে বেবি স্ট্রলার ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এ জন্য মসজিদে প্রবেশের পাঁচটি পথ এবং ভেতরে স্ট্রলার ব্যবহারের জন্য তিনটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) মসজিদুল হারাম ও মসজিদে নববির পরিচালনা ও সেবা কার্যক্রমবিষয়ক জেনারেল অথরিটি এক তথ্যচিত্রের মাধ্যমে এ নির্দেশনা প্রকাশ করে।

নির্দেশনা অনুযায়ী, বেবি স্ট্রলার নিয়ে মসজিদুল হারামে প্রবেশের জন্য নির্ধারিত পথগুলো হলো আজিয়াদ ব্রিজ, কিং ফাহাদ লিফট, আল-আরকাম লিফট, আল-আরকাম ব্রিজ প্রবেশপথ এবং তৃতীয় সৌদি সম্প্রসারণের সব প্রবেশপথ।

অন্যদিকে, মসজিদের ভেতরে স্ট্রলার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে তিনটি নির্দিষ্ট এলাকায়। এগুলো হলো প্রথম তলা, ছাদ এবং তৃতীয় সৌদি সম্প্রসারণ এলাকা।

কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, শিশুদের স্ট্রলার নিয়ে আসা পরিবারগুলোকে অবশ্যই নির্ধারিত পাঁচটি প্রবেশপথের যেকোনো একটি ব্যবহার করতে হবে। এ ছাড়া মসজিদের ভেতরে স্ট্রলার চালানোর ক্ষেত্রে নির্ধারিত তিনটি স্থানের নিয়ম মেনে চলতে হবে।

সংশ্লিষ্টদের আশা, নতুন এ ব্যবস্থার ফলে শিশুদের নিয়ে ইবাদত করতে আসা পরিবারগুলোর চলাচল আরও সহজ ও সুশৃঙ্খল হবে। একই সাথে মসজিদুল হারামে মুসল্লিদের স্বাভাবিক চলাচলও নির্বিঘ্ন রাখা সম্ভব হবে।