ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশ হেফাজতে থাকা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম শাহীনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সরিষা ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মিলন (৫০) ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মণ্ডল (২৮)।
পুলিশ জানায় পুলিশ হেফাজতে থাকা ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সরকারি কাজে বাধা,পুলিশের ওপর হামলা ও মারধর এবং পুলিশের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান বলেন,অপরাধীর কোনো দলীয় পরিচয় বিবেচ্য নয়। যে অপরাধ করবে,তাকে আইনের আওতায় আসতেই হবে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


