...|...|...

বিশ্ব

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, রাত ৯:২২
Shares
মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। এর জেরে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন তার দল রিপাবলিকান পার্টির প্রার্থীরা।

একদিকে ট্রাম্পের কট্টর ‘মাগা’ (মেক আমেরিকা গ্রেট এগেইন) সমর্থকদের সন্তুষ্ট রাখা, অন্যদিকে নিরপেক্ষ ভোটারদের মন জয় করা—এই দুইয়ের ভারসাম্য রক্ষা করতে গিয়ে তারা মারাত্মক হিমশিম খাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কয়েকটি জরিপে ট্রাম্পের এই জনপ্রিয়তা হ্রাসের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। ‘ওয়াশিংটন পোস্ট-এবিসি-ইপসোস’-এর সাম্প্রতিক জরিপে ট্রাম্পের পক্ষে সমর্থন মিলেছে মাত্র ৩৩ শতাংশ।

এ ছাড়া ‘এনবিসি নিউজ’-এর জরিপে ৩৪ শতাংশ এবং ট্রাম্পের পছন্দের চ্যানেল হিসেবে পরিচিত ‘ফক্স নিউজ’-এর জরিপে তা নেমে এসেছে ৩৬ শতাংশে। নিবন্ধিত ভোটারদের মধ্যে ডেমোক্র্যাট প্রার্থীরা।

রিপাবলিকানদের চেয়ে ৮ থেকে ১০ পয়েন্টে এগিয়ে রয়েছেন। বিশেষ করে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ট্রাম্পের ওপর মানুষের আস্থা নেমে এসেছে মাত্র ২১ থেকে ২৭ শতাংশে।

খোদ নিজের দল রিপাবলিকানদের মধ্যেও ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৭৬ থেকে ৭৯ শতাংশে ঠেকেছে। তবে দলের ভেতরে স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। কট্টর ‘মাগা’ সমর্থকদের ৯৫ শতাংশ এখনো ট্রাম্পের পক্ষে থাকলেও অন্য রিপাবলিকানদের মাঝে তার সমর্থন নেমে এসেছে মাত্র ৪৭ শতাংশে।

এ ছাড়া দল ও দলের দিকে ঝুঁকে থাকা নিরপেক্ষ ভোটারদের ৩৭ শতাংশই মনে করছেন, রিপাবলিকান পার্টির এখন ট্রাম্পের প্রভাববলয় থেকে বেরিয়ে ভিন্ন কোনো পথে হাঁটা উচিত।

বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে দেখা গেছে, কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৬২টি আসনের মধ্যে অন্তত ৪১টিতেই রিপাবলিকান প্রার্থীরা নীতিগত বিভিন্ন বিষয়ে ট্রাম্প থেকে নিজেদের দূরত্ব তৈরি করছেন। নির্বাচনী প্রচারেও তারা ট্রাম্পের সাথে সম্পর্কের বিষয়টি এড়িয়ে চলছেন।

এমনকি অন্তত ১২ জন প্রার্থী তাদের আনুষ্ঠানিক প্রচারণার ওয়েবসাইট থেকে ট্রাম্পের নাম, ছবি এবং তার সমর্থনের ঘোষণা পর্যন্ত পুরোপুরি সরিয়ে ফেলেছেন।