...|...|...

বিশ্ব

মদিনায় মিলল ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম আকরিকের বিশাল খনি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫৬
Shares
মদিনায় মিলল ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম আকরিকের বিশাল খনি

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনা অঞ্চলে প্রায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ খনিজ কাঁচামালের নতুন এক বিশাল মজুতের সন্ধান পাওয়া গেছে। অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাধারণ সম্মেলনে সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান এই ঐতিহাসিক আবিষ্কারের কথা নিশ্চিত করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ খবর জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া।

জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ জানান, মদিনা অঞ্চলের ‘জাবাল সাইদ’ প্রকল্পের ভূতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানে ভারী দুর্লভ খনিজ উপাদানের পাশাপাশি আশাব্যঞ্জক মাত্রায় ইউরেনিয়ামের উপস্থিতি ধরা পড়েছে। এই আবিষ্কারের ফলে বিশ্বজুড়ে বর্তমানে উন্নয়নাধীন দুর্লভ খনিজ সম্পদ কেন্দ্রগুলোর মধ্যে জাবাল সাইদ অন্যতম শীর্ষস্থানে চলে এসেছে।

খনি ও জ্বালানি খাতে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করতে সৌদি আরব যে রূপকল্প বাস্তবায়নে কাজ করছে, মদিনার এই আবিষ্কার তারই বড় সাফল্য।

আরব বিশ্বের সর্ববৃহৎ এই অর্থনীতি নিজেদের তেলনির্ভরতা কমিয়ে জ্বালানি ও খনিজ সম্পদকে বৈচিত্র্যময় করতে জোর পদক্ষেপ নিচ্ছে। আর সেই লক্ষ্য বাস্তবায়নে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক অংশীদারত্ব বাড়াচ্ছে দেশটি।