আমার বাংলাদেশ পাটি (এবি) -এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এ সময় রিজভী বলেন, এই ন্যাক্কারজনক ঘটনা আওয়ামী দুষ্কৃতকারীদের দ্বারা সংঘটিত ও কাপুরুষোচিত। তিনি অবিলম্বে দুষ্কৃতকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রিজভী বলেন, ২০২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠী আবারও দুর্নীতি ও দুঃশাসনের স্বর্গরাজ্য ফিরে পাবার আশায় দেশব্যাপী বিরোধী নেতাকর্মীসহ সাধারণ জনগণের মধ্যে ভীতি সঞ্চারের লক্ষে হামলা ও খুন-জখমের মাধ্যমে ত্রাস সৃষ্টি শুরু করেছে।
তিনি বলেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসংযোগের ঘটনা তাদের সেই অপতৎপরতারই অংশ। একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ ধরনের অগ্নিসংযোগ, হামলা, মানুষ হত্যা ও নির্যাতনের মাধ্যমে দেশের অকুতোভয় জনতাকে ভীত করা যাবে না। জনগণ আওয়ামী স্বৈরাচারকে দেশ থেকে পালিয়ে যেতে যেমন বাধ্য করেছে, একইভাবে সন্ত্রাসীদের বর্তমান নানা অরাজকতা-অপতৎপরতা রুখে দেবে।
তিনি বলেন, আগুন সন্ত্রাস ও খুন-জখম চালিয়ে ফ্যাসিস্টরা আরও বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের ন্যক্কারজনক ও বর্বরোচিত ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে জন্য এসব দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি দেওয়ার বিকল্প নেই। তা না হলে তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে।
এদিকে মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
অন্যদিকে এনসিপি বিবৃতিতে জানায়, সারা দেশে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের ধারাবাহিকতায় এই ন্যক্কারজনক সহিংস কর্মকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে এনসিপি মনে করে। বিরোধী রাজনৈতিক দল ও রাজনৈতিক নেতৃবৃন্দ সন্ত্রাসবাদী আওয়ামী লীগের ধারাবাহিক প্রতিহিংসার শিকার হচ্ছে। এমনকি সরকারি দলের সংসদ সদস্যরাও আক্রমণের শিকার হচ্ছেন।
এনসিপি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায়। একই সাথে পতিত ও পলাতক গোষ্ঠী আওয়ামী লীগ কর্তৃক সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির অপচেষ্টা বন্ধে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় দলটি।
উল্লেখ্য, বুধবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে মজিবুর রহমান মঞ্জুর পার্ক করা গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।


