...|...|...

বিশ্ব

মঙ্গলের উপগ্রহ থেকে পাথর-বালি আনতে জাপানের ঐতিহাসিক অভিযান শুরু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩৭
Shares
মঙ্গলের উপগ্রহ থেকে পাথর-বালি আনতে জাপানের ঐতিহাসিক অভিযান শুরু

ছবি: সংগৃহীত

মঙ্গল গ্রহের একটি উপগ্রহ থেকে পাথর ও বালির নমুনা সংগ্রহের লক্ষ্যে বিশ্বের প্রথম অভিযান শুরু করেছে জাপান। মঙ্গলবার (২০ অক্টোবর)সফলভাবে মহাকাশযান উৎক্ষেপণের মাধ্যমে এ অভিযান শুরু করে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা।

কিয়োদো নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) জানিয়েছে, ‘মার্সিয়ান মুনস এক্সপ্লোরেশন’ (এমএমএক্স) মহাকাশযানটি এইচ৩ রকেট থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টা ৪১ মিনিটে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। জাক্সার প্রকল্প ব্যবস্থাপক মাকোতো আরিতা জানিয়েছেন, মহাকাশযানটি অত্যন্ত নিখুঁতভাবে নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে।

৪ হাজার ৪৮০ কেজি ওজনের মহাকাশযানটির গন্তব্য মঙ্গল গ্রহের দুটি উপগ্রহের মধ্যে বড়টি ফোবোস। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের আগস্টে এটি মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করবে।

অভিযানের প্রথম ধাপে একটি ফরাসি-জার্মান রোভার ফোবোসের পৃষ্ঠে অবতরণ করবে। এরপর জাপানি মহাকাশযানটি দুবার ফোবোসে অবতরণ করে পাথর ও বালির নমুনা সংগ্রহ করবে।

নমুনা সংগ্রহের পর মহাকাশযানটি মঙ্গলের দ্বিতীয় উপগ্রহ ডেইমোস পর্যবেক্ষণ করবে। ২০৩০ সালের নভেম্বরে মঙ্গল গ্রহের কক্ষপথ ত্যাগ করে ২০৩১ সালের জুলাইয়ে নমুনা নিয়ে পৃথিবীতে ফেরার কথা রয়েছে মহাকাশযানটির।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ উৎক্ষেপণকে স্বাগত জানিয়েছেন এবং ঐতিহাসিক অভিযানটি সফল হবে বলে আশা প্রকাশ করেছেন।

মূলত ২০২৪ সালে অভিযানটি শুরুর পরিকল্পনা ছিল। তবে ২০২৩ সালে এইচ৩ রকেটের প্রথম উৎক্ষেপণ ব্যর্থ হওয়ায় তা পিছিয়ে যায়।

এমএমএক্স অভিযানের মূল লক্ষ্য মঙ্গল গ্রহের উপগ্রহগুলোর উৎপত্তি ও গঠন সম্পর্কে জানা। পাশাপাশি, ভবিষ্যতে অন্যান্য গ্রহে অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তির উন্নয়ন ঘটানোও এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।