...|...|...

বিশ্ব

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অবশেষে অনুমোদন এরদোয়ানের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, রাত ৯:১৫
Shares
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অবশেষে অনুমোদন এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: সংগৃহীত

পাকিস্তান ও সৌদি আরবের সাথে হওয়া ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার (২৭ নভেম্বর) সরকারি গেজেটে প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে চুক্তিটি অনুমোদনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করল আঙ্কারা।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসী তৎপরতা নিয়ে উদ্বেগের জেরে গত আগস্টে মক্কায় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব এই যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তির আলোকে পরবর্তী করণীয় ঠিক করতে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ইসলামাবাদে বৈঠকে বসছে এই তিন দেশ।

এর আগে গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন করে, যা ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর পথ খুলে দেয় আঙ্কারার জন্য।

চুক্তির শর্ত অনুযায়ী, এই তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। সৌদি আরবে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে শিগগিরই পার্লামেন্টে প্রস্তাব তোলার কথাও জানিয়েছিলেন ক্ষমতাসীন দলের এক আইনপ্রণেতা।

ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী তুরস্ক, বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব এবং একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্র পাকিস্তানের এই প্রতিরক্ষা জোট মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।