সৌদি আরবের মক্কায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে শতাব্দীপ্রাচীন একটি পবিত্র কোরআনের পাণ্ডুলিপি। হিরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত হলি কোরআন জাদুঘরে সংরক্ষিত ১৮ শতকের এই হাতে লেখা কোরআন এখন প্রদর্শিত হচ্ছে।
রবিবার (৯ আগস্ট) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ তথ্য প্রকাশ করেছে আরব নিউজ।
ঐতিহাসিক এই পাণ্ডুলিপি শুধু ধর্মীয় নিদর্শন হিসেবেই নয়, বরং সে সময়ের ক্যালিগ্রাফি, শিল্পকলা ও পাণ্ডুলিপি তৈরির দক্ষতার এক অনন্য উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। কোরআনের আয়াত লেখার পাশাপাশি এতে রয়েছে দৃষ্টিনন্দন অলংকরণ, যা ১৮ শতকের শিল্পরুচি ও কারুকাজের পরিচয় বহন করে।
কালো কালি ব্যবহার করে লেখা এই পাণ্ডুলিপিতে ইসলামী ক্যালিগ্রাফির একাধিক ধারা লক্ষ্য করা যায়। বিশেষজ্ঞদের মতে, এতে লেখকের অসাধারণ দক্ষতা এবং বিভিন্ন লেখনশৈলী ব্যবহারের পারদর্শিতার প্রমাণ পাওয়া যায়।
পাণ্ডুলিপিটির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এতে হরকত ও স্বরচিহ্নগুলো অত্যন্ত নিখুঁতভাবে সংযোজন করা হয়েছে। হাতে লেখা কোরআনের ক্ষেত্রে শব্দের সঠিক উচ্চারণ ও পাঠের নির্ভুলতা নিশ্চিত করতে সে সময় এসব চিহ্ন ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া হতো।
জাদুঘরে রাখা পাণ্ডুলিপিটির প্রাথমিক পাতাগুলোতে রয়েছে আকর্ষণীয় ফুলেল নকশা ও সূক্ষ্ম অলংকরণ। এসব নকশা তৎকালীন কোরআনিক পাণ্ডুলিপি সাজানোর বিশেষ ঐতিহ্যকে তুলে ধরে।
এই প্রাচীন কোরআনের পাণ্ডুলিপির মাধ্যমে দর্শনার্থীরা শুধু ধর্মীয় ইতিহাস নয়, বরং আরবি ক্যালিগ্রাফির বিবর্তন, পাণ্ডুলিপি তৈরির পদ্ধতি এবং প্রাচীন অলংকরণশিল্প সম্পর্কেও ধারণা নেওয়ার সুযোগ পাচ্ছেন। ১৮ শতকের এই হাতে লেখা কোরআন তাই একদিকে ইসলামী ঐতিহ্যের স্মারক, অন্যদিকে প্রাচীন শিল্প ও পাণ্ডুলিপি সংরক্ষণের দীর্ঘ ইতিহাসের মূল্যবান দলিল হয়ে উঠেছে।
সূত্র: আরব নিউজ


