...|...|...

বরিশাল

ভোলায় ১৬ লাখ টাকার গাঁজাসহ আটক ২

স্টাফ রিপোর্টার, ভোলা
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০৭
Shares
ভোলায় ১৬ লাখ টাকার গাঁজাসহ আটক ২

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি সিএনজি তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় গাঁজা বহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার ৬ নম্বর বাঘার হাওলা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলা।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে সিএনজি থেকে প্রায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।