...|...|...

রাজধানী

ভোর থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সকাল ৮:৩৯ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬, সকাল ৯:১১
Shares
ভোর থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি

ছবি: সংগৃহীত

হেমন্তের শেষ ভাগে এসে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (১১ নভেম্বর) ভোর থেকেই ঢাকায় শুরু হয়েছে বৃষ্টি। কখনো হালকা, আবার কখনো মুষলধারে বৃষ্টিতে ভিজছে নগরী। সঙ্গে রয়েছে মেঘের গর্জন ও বজ্রপাত।

সকালে কর্মব্যস্ত নগরবাসী ঘর থেকে বের হওয়ার আগেই বৃষ্টির মুখে পড়ে। ফলে অফিসগামী ও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষকে ছাতা কিংবা রেইনকোট সাথে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টির কারণে সড়কে জলাবদ্ধতা ও যানজটের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ভোর সাড়ে ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। অনুভূত তাপমাত্রা ছিল প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হচ্ছে। বিকেল পর্যন্ত আকাশ প্রধানত মেঘলা থাকতে পারে। সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে আকাশ থেকে মেঘ কেটে যেতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বৃষ্টির প্রভাবে আবহাওয়ায় শীতের আমেজ আরও বাড়তে পারে।