...|...|...

সারাদেশ

ভেতরে কনস্টেবল পদে পরীক্ষায় ছেলে, বাইরে বাবার সাথে ঘুষের আলোচনায় ৩ প্রতারক

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৪:১৬
Shares
ভেতরে কনস্টেবল পদে পরীক্ষায় ছেলে, বাইরে বাবার সাথে ঘুষের আলোচনায় ৩ প্রতারক

ঘুষের আলোচনার পর গ্রেফতার হওয়া ৩ প্রতারক। ছবি: সংগৃহীত

জামালপুরে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা লেনদেনের আলোচনার অভিযোগে ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

জানা যায়, পুলিশ লাইনসের ভেতরে নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছিলেন ছেলে, বাইরে তার বাবার সাথে ঘুষ লেনদেনের আলোচনা করছিলেন তিন প্রতারক। অবশেষে গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছেন ওই তিনজন। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জামালপুর জেলা পুলিশ লাইনস মাঠে চাকরি প্রার্থীদের নিয়োগ কার্যক্রম চলাকালে গেটের বাইরে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়োগপ্রার্থী গোলাম নবী রাকিবের বাবা জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের একরামুল হক কয়েকজন ব্যক্তির সাথে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা লেনদেনের বিষয়ে আলোচনা করছিলেন।

টের পেয়ে জামালপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম তালুকদারের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।

আটক প্রতারক আব্দুল মান্নান (৬৫) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বামনহাটা গ্রামের মৃত জব্বার শেখের ছেলে। জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মনি মণ্ডলের ছেলে নূর মোহাম্মদ এবং সরিষাবাড়ী উপজেলার চুনিয়া পটল গ্রামের ইদ্রিস শেখের ছেলে মো. সামিউল ইসলামকেও ওই প্রতারকের সহযোগী হিসেবে আটক করে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের নির্দেশে পুলিশে চাকরি দেওয়া প্রতারকদের আটক করা হয়েছে। পুলিশের নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতেই এ ধরনের নজরদারি বাড়ানো হয়েছে। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে যাতে নিয়োগ সম্পন্ন করা যায় সেজন্য পুলিশ সুপার তৎপর রয়েছেন।

জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন বলেন, মেধা, যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতা নিশ্চিত করে কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা বরদাস্ত করা হবে না।