...|...|...

খেলা

ভুটানকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, রাত ১০:১৮
Shares
ভুটানকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

ছবি: সংগৃহীত

রেফারি মুনিরের ম্যাচ শেষের বাঁশি বাজতেই জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে শুরু হয় দর্শকদের বাঁধভাঙা উল্লাস। ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ঘরের মাঠে ভুটানের বিপক্ষে কষ্টার্জিত এই জয়ে বাংলাদেশ দলকে স্বস্তি এনে দিয়েছেন বদলি নামা ফরোয়ার্ড মো. ইব্রাহিম।

র‍্যাঙ্কিং ও শক্তিমত্তায় পিছিয়ে থাকা ভুটান পুরো ম্যাচেই কড়া প্রতিরোধ গড়ে তোলে। অবশেষে ম্যাচের ৬৪ মিনিটে ডুলির করা জোড়া বদলিই ভাগ্য বদলে দেয় বাংলাদেশের। অধিনায়ক জামাল ভূঁইয়া ও বিশ্বনাথের জায়গায় সোহেল রানা ও মো. ইব্রাহিম মাঠে নামেন।

মাঠে নামার মাত্র পাঁচ মিনিটের মাথায় (৬৯ মিনিটে) গোল করে দলকে এগিয়ে নেন ইব্রাহিম। জায়ান আহমেদের ক্রসে বক্সে সমিত সোমের হেডে বল পেয়ে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান তিনি। শেষ পর্যন্ত এই এক গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

এর আগে প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে বাংলাদেশ একচ্ছত্র আধিপত্য দেখালেও ছিল গোল মিসের মহড়া। এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ছিল একাদশে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে স্ট্রাইকার হিসেবে নামানো।

তবে অনভ্যস্ত পজিশনে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে বিশ্বনাথের অগোছালো ভাব স্পষ্ট হয়ে ওঠে। ডান প্রান্ত দিয়ে রাকিব হোসেন বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোল মেলেনি।

অন্যদিকে, ম্যাচের বেশিরভাগ সময় জমাট রক্ষণে খেলা ভুটান মাঝে মধ্যে আক্রমণে ওঠার চেষ্টা করে। তবে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সতর্কতায় কোনো বিপদ ঘটাতে পারেনি তারা। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে রহমত মিয়াকে নামিয়ে রক্ষণভাগে বাড়তি জোর দেন কোচ ডুলি। জয় নিয়ে মাঠ ছাড়েন সাদ-শ্রাবণরা।