রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে একসময় অপরিহার্য ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু তার অনুপস্থিতিতেই যেন নতুন ছন্দ খুঁজে পেয়েছে দলটি। লা লিগায় বার্সেলোনার সাথে ব্যবধান কমেছে, একের পর এক ম্যাচে এসেছে জয়। এর মধ্যে বাঁ প্রান্তে নিজের জায়গা শক্ত করেছেন তরুণ ইয়ান দিওমান্দে। সব মিলিয়ে রিয়ালে ভিনিসিয়ুসের অবস্থান নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।
নিজের প্রস্তুতির ঘাটতি এবং মানসিক চাপের কথা সম্প্রতি সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন ব্রাজিলিয়ান এই তারকা। তার মতে, বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের প্রভাব পড়েছিল তার ওপর। একই সময়ে সাবেক রিয়াল ফুটবলার প্রেদ্রাগ মিয়াতোভিচও মন্তব্য করেছেন, জাতীয় দলের হয়ে খেলতে ভিনিসিয়ুসকে বেশি আনন্দিত মনে হচ্ছে।
২০১৮ সালে ফ্লামেঙ্গো থেকে রিয়ালে যোগ দেন ভিনিসিয়ুস। এরপর ২০২২ ও ২০২৪ সালে চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নিজেকে বিশ্বের অন্যতম সেরা আক্রমণাত্মক ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেন। কিন্তু এবারের মৌসুমে সেই ধারাবাহিকতা নেই। আগস্টে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে করা গোলটিই ক্লাবের হয়ে তার একমাত্র গোল। অথচ ব্রাজিলের হয়ে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচে করেছেন পাঁচ গোল।
ভিনিসিয়ুসের অনুপস্থিতিতে রিয়ালের পারফরম্যান্সও আলোচনায় এসেছে। ঘরোয়া ফুটবলে চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটানোর সময় তাকে ছাড়াই বার্সেলোনার মাঠে এল ক্লাসিকোয় জিতেছে দলটি। এরপর সেভিয়া, রেসিং সান্তানদের ও ভ্যালেন্সিয়ার বিপক্ষেও জয় পেয়েছে। অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগে এএইকে এথেন্স ও লাইপজিগের বিপক্ষে খেললেও প্রত্যাশিত ছন্দে ছিলেন না ভিনিসিয়ুস।
এই সুযোগে বাঁ প্রান্তে নিজের অবস্থান শক্ত করছেন ইয়ান দিওমান্দে। রিয়ালের ইতিহাসে সবচেয়ে বেশি দামে কেনা এই ফুটবলার সর্বশেষ আট ম্যাচে করেছেন চার গোল। ফলে একাদশে জায়গা ধরে রাখতে ভিনিসিয়ুসকে এখন নতুন করে লড়তে হচ্ছে।
নিজের সাম্প্রতিক অবস্থা নিয়ে ভিনিসিয়ুস বলেছেন, ‘বিশ্বকাপের পর আমি যতটা ভালোভাবে নিজেকে প্রস্তুত করতে পারতাম, ততটা করিনি বলে মনে হয়। কারণ, ওই টুর্নামেন্টের প্রভাব সব ব্রাজিলিয়ানের জন্যই অনেক বড়। এত দ্রুত বাদ পড়ব, এটা আমরা আশা করিনি।’
তিনি আরও জানান, ছুটির সময় পরিবারকে সময় দিয়েছেন, বিশ্রাম নিয়েছেন এবং আগের বছরগুলোর তুলনায় অনুশীলন করেছেন কম। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও তাকে মানসিক চাপে রেখেছিল। নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার কঠিন বাস্তবতা তুলে ধরে ভিনিসিয়ুস বলেন, ‘আমার মনে হয়, ক্রিশ্চিয়ানো রোনালদো ও (লিওনেল) মেসি ছাড়া আর কেউ এত বছর ধরে একই পর্যায়ে একই মান ধরে রাখতে পারেনি। আমি মানুষ, প্রায়ই ভুল করি। তবে সব সময় নিজেকে উন্নত করার চেষ্টা করি।’
সাবেক রিয়াল ফুটবলার প্রেদ্রাগ মিয়াতোভিচের মতে, গত গ্রীষ্মে ক্লাব ছাড়ার গুঞ্জন ও চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা ভিনিসিয়ুসকে প্রভাবিত করেছে। ক্যাদেনা সেরকে তিনি বলেন, জাতীয় দলের হয়ে খেলতে ভিনিসিয়ুসকে বেশি সুখী মনে হচ্ছে। দিওমান্দের ভালো পারফরম্যান্সও তার প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়েছে।
তবে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা আছে ভিনিসিয়ুসের। গত মৌসুমেও ডিসেম্বর পর্যন্ত তার গোল ছিল মাত্র পাঁচটি। পরে মৌসুম শেষ করেন ২০টির বেশি গোল নিয়ে। সর্বশেষ পাঁচ মৌসুমের প্রতিটিতে রিয়ালের হয়ে অন্তত ২২টি গোল করেছেন তিনি।
কোচ হোসে মরিনিওও এখনো ভিনিসিয়ুসের ওপর আস্থা রাখছেন। গত সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, ‘সেরা ফর্মে থাকা ভিনি ম্যাচ শেষ করে দেয়। যেমন অতীতে আমার দল বেনফিকাকে সে শেষ করে দিয়েছিল।’
শনিবার সেল্তা ভিগোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচে ফেরার সুযোগ রয়েছে ভিনিসিয়ুসের। তবে শুধু মাঠে ফেরাই যথেষ্ট নয়, নিজের পুরোনো ছন্দ ফিরে পাওয়াও জরুরি। কারণ, রিয়ালে জায়গা ধরে রাখতে এখন তাকে লড়তে হচ্ছে নিজের পারফরম্যান্সের পাশাপাশি দিওমান্দেরসাথেও।



