একটি প্রচারণামূলক ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মুখে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘জমজম ব্রাদার্স’-এর একটি ব্যবসায়িক উদ্যোগের প্রচারে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠার পর অভিজ্ঞ এই ক্রিকেটার জানিয়েছেন, প্রকল্পটির বিষয়ে আগে থেকে তার কোনো ধারণা ছিল না এবং এর সাথে তার কোনো আর্থিক বা ব্যবসায়িক সম্পৃক্ততা নেই।
ঘটনার সূত্রপাত সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্ট থেকে। সেখানে তিনি দাবি করেন, বাংলাদেশের জাতীয় দলের এক সাবেক ক্রিকেটার ভানুয়াতু নামের একটি দ্বীপরাষ্ট্রের নাগরিকত্ব অর্জনে বিনিয়োগের প্রচার করছেন। বাংলাদেশে থেকে বিদেশে অর্থ পাঠানোর কোনো আইনি বৈধতা না থাকা সত্ত্বেও মাহমুদউল্লাহর মতো প্রভাবশালী তারকার এমন প্রচারে যুক্ত থাকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
সায়েরের পোস্টটি ঘিরে আলোচনা-সমালোচনা তৈরি হলে মাহমুদউল্লাহর অনুরোধে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেয় জমজম ব্রাদার্স।
মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে পুরো বিষয়টির ব্যাখ্যা দেন সাবেক এই অলরাউন্ডার। মাহমুদউল্লাহ জানান, শারজা ক্রিকেট স্টেডিয়ামে জমজম ব্রাদার্সের সাথে তার প্রথম পরিচয় হয়। পরবর্তীতে তাদের আমন্ত্রণে কার্যালয়ে গেলে নতুন এক উদ্যোগের ভিডিও করার অনুরোধ করা হয়, যার সম্পর্কে আগে থেকে তার কোনো ধারণা ছিল না।
মাহমুদউল্লাহ লিখেছেন, 'সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার একটি ভিডিওকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই। শারজায় পরিচয় হওয়ার পর তাদের আমন্ত্রণে অফিসে গেলে একটি প্রকল্পের জন্য ভিডিও করার অনুরোধ জানানো হয়। তবে প্রকল্পটি সম্পর্কে আমার আগে থেকে কোনো ধারণা ছিল না এবং এর সাথে আমার কোনো ধরনের ব্যবসায়িক বা অর্থনৈতিক সম্পৃক্ততা নেই।'
ক্যারিয়ারের পুরোটা সময় বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করেছেন উল্লেখ করে অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন মাহমুদউল্লাহ। ভবিষ্যতে যেকোনো প্রচারণায় অংশ নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।


