...|...|...

খেলা

ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে ছাড়িয়ে দ. আফ্রিকায় নতুন ইতিহাস বাংলাদেশের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৯
Shares
ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে ছাড়িয়ে দ. আফ্রিকায় নতুন ইতিহাস বাংলাদেশের

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। দেশটির মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রান করা প্রথম এশীয় দল এখন টাইগাররা। ঐতিহাসিক এই অর্জনে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। দুজনের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪০০ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

সোমবার (১৬ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের দিন সেঞ্চুরি তুলে নেওয়া হৃদয়ের সাথে এদিন তিন অঙ্কের ঘরে পৌঁছান লিটন। তার সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস গড়ার পথে এগিয়ে যায় সফরকারীরা।

মার্কো জানসেনকে ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করেন লিটন। শেষ পর্যন্ত ১২০ রান করে সাজঘরে ফেরেন এই উইকেটকিপার ব্যাটার। তার বিদায়ের পর মেহেদী হাসান মিরাজ ১০, তাসকিন আহমেদ ১৭ ও হাসান মাহমুদ ১৬ রান যোগ করেন। শেষ পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪০০ রানে।

এই সংগ্রহের মধ্য দিয়ে এশিয়ার অন্য দলগুলোর আগের রেকর্ড ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে কোনো এশীয় দল ৪০০ রানের গণ্ডি পেরোতে পারেনি।

এত দিন এই তালিকায় সবার ওপরে ছিল শ্রীলঙ্কা। ২০২০-২১ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৯৬ রান করেছিল লঙ্কানরা। সেটিই ছিল দেশটির মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে কোনো এশীয় দলের সর্বোচ্চ সংগ্রহ। এবার ৪০০ রান করে সেই রেকর্ড নিজের করে নিল বাংলাদেশ।

শুধু এশীয় দলগুলোর রেকর্ডই নয়, বাংলাদেশের এই ইনিংসে শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রানের জন্য দীর্ঘ অপেক্ষাও। গত ১৭ বছরে দেশটিতে কোনো টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রানের দেখা মেলেনি। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে সেঞ্চুরিয়নে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৬৬ রান করেছিল। এরপর এবার বাংলাদেশের ব্যাটেই আবার ৪০০ রানের মাইলফলক দেখল দক্ষিণ আফ্রিকার মাটি।