ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অবস্থিত শীমলা মাতা মন্দিরের কাছে জড়ো হওয়া পুণ্যার্থীদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী ট্রাক তুলে দেওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ সময় পুলিশি ব্যারিকেড ভেঙে ট্রাকটি ভক্তদের চাপা দেওয়ার পাশাপাশি মন্দিরের গেট ও বাইরের দেয়ালে সজোরে ধাক্কা দেয়।
সংবাদমাধ্যম এনডিটিভি-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে গোয়ালিয়রের এই দুর্ঘটনাটি ঘটে। গোয়ালিয়রের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ ধর্মবীর সিং জানান, রাত আড়াইটার দিকে ছিনোর দিক থেকে ধানবোঝাই একটি ভারী ট্রাক তীব্র ঢালু রাস্তা দিয়ে নামছিল, যেখানে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। ট্রাকটি পুলিশি চেকপোস্ট ও ব্যারিকেড ভেঙে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা তীর্থযাত্রীদের ওপর উঠে যায় এবং মন্দিরের সীমানাপ্রাচীর ও গেটে গিয়ে আঘাত হানে।
এসএসপি ধর্মবীর সিং বলেন, এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যেখানে প্রচুরসংখ্যক পুণ্যার্থী শীমলা মাতা মন্দিরে যাচ্ছিলেন। ছিনোর দিক থেকে আসা রাস্তাটিতে একটি তীব্র ঢাল রয়েছে, যেখানে ভারী যান চলাচল নিষিদ্ধ। রাত ১টা ৩০ মিনিটের দিকে একটি ধানবোঝাই ট্রাক সেখানে আটকানো হয়েছিল। কিন্তু সেটি পুলিশি ব্যারিকেড ভেঙে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নেমে আসে এবং মন্দিরের বাইরের দেয়াল ও গেটে ধাক্কা খায়। রাস্তার ওপর থাকা ভক্তরা এর নিচে চাপা পড়েন, যার ফলে এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, ডিউটিতে থাকা দুই পুলিশকর্মীও এই ঘটনায় আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় মোট ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল, যার মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অন্তত ৫ থেকে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের হাড় ভাঙাসহ গুরুতর জখম রয়েছে, বাকিরা সামান্য আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।


