পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ ভারতে মুক্তি না দেয়ার দাবি জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। শুধু এই সিরিজ নয়, ভারতের ওটিটি প্ল্যাটফর্ম, টেলিভিশন ও প্রেক্ষাগৃহে পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবিও তুলেছে সংগঠনটি। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছে তারা।
২৪ নভেম্বর পাঠানো দুই পৃষ্ঠার ওই চিঠিতে স্বাক্ষর করেছেন এআইসিডব্লিউএর সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, চিঠির অনুলিপি দেয়া হয়েছে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং নেটফ্লিক্স ইন্ডিয়াকে। পরে সংগঠনটির নিজস্ব এক্স অ্যাকাউন্টেও চিঠিটি প্রকাশ করা হয়। আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে সিরিজটির।
ফাওয়াদ ও মাহিরা ছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন হানিয়া আমির ও সানাম সাঈদ। ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটি নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক ও অতীতের রাজনৈতিক উত্তেজনার বিষয়গুলো সামনে এনেছে এআইসিডব্লিউএ। বিশেষ করে ২০১৯ সালের পুলওয়ামা হামলা এবং ২০২৫ সালের ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ উল্লেখ করেছে সংগঠনটি। এ ছাড়া ২০২৫ সালের ৮ মে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কথাও তুলে ধরা হয়েছে। সংগঠনটির ভাষ্য, ওই নির্দেশনায় পাকিস্তানি উৎসের কনটেন্ট প্রচার বন্ধের নির্দেশ দেয়া হয়েছিল।
চিঠিতে এআইসিডব্লিউএ চারটি দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে, ভারতে সিরিজটির প্রচার বন্ধ করা, ওটিটি প্ল্যাটফর্মগুলোকে সরকারি নির্দেশনা অনুসরণে বাধ্য করা এবং পাকিস্তানি সিনেমা, ওয়েব সিরিজ ও পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণে নির্মিত বিনোদনমূলক কনটেন্ট নিষিদ্ধ করতে স্থায়ী আইন প্রণয়ন।
এদিকে সিরিজটির ট্রেলার প্রকাশের পাশাপাশি মুক্তির তারিখও ঘোষণা করেছে নেটফ্লিক্স। তবে ভারতের দর্শকদের জন্য এটি প্রচার করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি প্ল্যাটফর্মটি। যদিও নেটফ্লিক্স ইন্ডিয়ার আসন্ন কনটেন্টের তালিকায় সিরিজটির নাম রয়েছে। ফলে ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির দিন ভারতে এটি দেখা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


